নিজস্ব প্রতিবেদক: মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করা নন্দন ফাউন্ডেশন পেরিয়েছে ১৩ বছর। এ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলার একমাত্র প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান ‘লক্ষ্মীপুর নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলে’ বিশেষ চাহিদাসম্পন্ন অর্ধশতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এ আয়োজন শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং তাদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা যোগায়।
অনুষ্ঠানে নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির পৌরসভা সভাপতি রেজাউল করিম লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্কুলের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মো. শামসুল করিম, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী এবং নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ।
এছাড়াও সংগঠনের সহ-সভাপতি ইসমাইল হোসেন সুজন, সাধারণ সম্পাদক সোয়েল রানা হিরোসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৩ বছরের পথচলায় নন্দন ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।
তারা আরও বলেন, নন্দন ফাউন্ডেশন ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে, যা তাদের কার্যক্রমের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরে।
আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, যা দিনটির আনন্দকে আরও অর্থবহ করে তোলে।