• ঢাকা |

চট্টগ্রামে বিশ্ব মান দিবস উদযাপন: পণ্যের গুণগত মান নিশ্চিতের আহ্বান বক্তাদের


নিউজ প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুর হোসেনঃ

১৪ অক্টোবর বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম আঞ্চলিক অফিস, আগ্রাবাদে এক আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিগান বধ্য এবং সভা পরিচালনা করেন সিমু বিশ্বাস। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা আবুল বাসার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার জিয়া উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের পণ্যের গুণগত মান উন্নয়নই অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ধাপে মান নিশ্চিত করতে হবে।”

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআইয়ের পরিচালক। তিনি মানসম্পন্ন পণ্য উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শরিফুল আলম, ক্যাবের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ইকবাল বাহার সাবেরী, বিএসটিআইয়ের উপ-পরিচালক খলিলুর রহমান এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফয়েজ উল্লাহ।

বক্তারা বলেন, বাজারে নিম্নমানের পণ্য প্রতিরোধে মান যাচাই কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তারা পণ্যের মান ঠিক রেখে বাজারে প্রতিযোগিতা সৃষ্টির আহ্বান জানান এবং মানহীন পণ্য বিক্রেতাদের জরিমানার আওতায় আনার দাবি তোলেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্যাব প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, সচেতন ভোক্তা এবং দায়িত্বশীল উৎপাদক—এই দুই পক্ষের সহযোগিতায়ই ‘মানসম্মত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব।