নিজস্ব প্রতিবেদক: স্পেনের সান্তা কোলোমা দে গ্রামেনেত সিটি কাউন্সিলের উদ্যোগে গত ২৫ মার্চ প্লাসা দে লা ভিলা চত্বরে শান্তির পক্ষে এবং যুদ্ধবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা মানবাধিকার ও সহাবস্থানের পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন।
পিএসওই ও ইআরসি’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠন ও সামাজিক গোষ্ঠী অংশ নেয়। তারা সংলাপ, সংহতি এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের পক্ষে সম্মিলিত বার্তা তুলে ধরেন।
মধ্যপ্রাচ্যে শান্তির দাবিতে স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিও সমাবেশে অংশ নেয়। তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট চলমান সংঘাত বন্ধে অবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর দাবি জানান।
সন্ধ্যা ৬টায় আয়োজিত এ কর্মসূচিতে মেয়র মিরেইয়া গনজালেজ সায়েজ উপস্থিত থেকে কমিউনিটির শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বীকৃতি দেন। অনুষ্ঠানে কমিউনিটির সভাপতি খোরশেদ আলম বাদল, সহ-সভাপতি কবি আনোয়ার হোসেন এবং উপদেষ্টা মোশাররফ ব্যাপারী ও শাহজাহান করিমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ স্লোগানে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থায়ী স্থিতিশীলতার জন্য আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।