নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠক মাইয়িশা মুনারার বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনেরা।
শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টার দিকে সদর উপজেলার আটিয়াতলী গ্রামের মাম্মী প্লাজায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মাইয়িশা মুনারা ‘ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর একজন সক্রিয় সদস্য।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির উঠানে আগুন ধরিয়ে দেয় এবং স্লোগান দিতে দিতে লোহার গেইটে আঘাত করতে থাকে। হামলাকারীদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে গেইটে তালা থাকায় তারা মূল ভবনে প্রবেশ করতে পারেনি।
এ সময় বাড়িতে মাইয়িশা মুনারার ছোট ভাই উমায়ের ইবনে মোছলেহ সিনানসহ পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। আকস্মিক এ হামলায় তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। একপর্যায়ে উমায়ের থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
উমায়ের ইবনে মোছলেহ সিনান বলেন, “হামলাকারীরা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা প্রকাশ্যে হত্যার হুমকিও দেয়।”
মুঠোফোনে যোগাযোগ করা হলে মাইয়িশা মুনারা ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, একটি ধর্মান্ধ গোষ্ঠী দীর্ঘদিন ধরে তাকে ‘কাফের’ ও ‘ধর্মদ্রোহী’ আখ্যা দিয়ে হুমকি দিয়ে আসছে। তিনি বলেন, “আমি দেশে না থাকলেও আমার পরিবারের ওপর হামলা চালানো হচ্ছে। তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাইয়িশা মুনারা ‘ন্যাশনস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর মাধ্যমে শিশুদের নৃত্য ও গান শেখানোর পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি তৃতীয় লিঙ্গ ও যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করে আসছেন।