• ঢাকা |

হাটহাজারীতে বিএসটিআইয়ের অভিযান: অনিয়মে জরিমানা ৪৫ হাজার টাকা


নিউজ প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুর হোসেন, (চট্টগ্রাম): ভোক্তা অধিকার সুরক্ষা ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) হাটহাজারী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। দিনব্যাপী এ অভিযানে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি ফিলিং স্টেশনের অকটেন ডিসপেন্সিং ইউনিট সিলগালা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জোবরা এলাকায় অবস্থিত হাজী হামদু মিয়া মুড়ি নামের একটি প্রতিষ্ঠান পণ্যের সিএম লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত সময়ের মধ্যে সিএম ও মোড়কজাত সনদ গ্রহণ এবং ব্যবহৃত সব ওজন যন্ত্র বিএসটিআই যাচাই করে ভেরিফিকেশন সনদ সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়।

এদিকে হাটহাজারীর হাজী এম ছিদ্দিক আহমেদ ফিলিং স্টেশনে পরিমাপ যাচাইয়ের সময় অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনিয়মের কারণে অকটেন ডিসপেন্সিং ইউনিটটি তাৎক্ষণিকভাবে সিলগালা ও বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রতিষ্ঠানটির ডিজেল ইউনিটকে সঠিক পাওয়া যায়।

অন্যদিকে, এম আলম ফিলিং স্টেশনের অকটেন ও ডিজেল উভয় ডিসপেন্সিং ইউনিট সঠিক পাওয়া গেছে। পাশাপাশি তাদের স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টও হালনাগাদ রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয় এবং ভেরিফিকেশন সনদ হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) খায়রুল ইসলাম এবং পরীক্ষক (মেট্রোলজি-ভৌত) মো. রাশেদ।

বিএসটিআই জানায়, ন্যায্য পরিমাপ ও মান নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।