
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা লাল মিয়া (৩৯) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুড্ডা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিকলী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লাল মিয়া উপজেলার রোদারপুড্ডা গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। তিনি জারইতলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় পুড্ডা বাজারে অভিযান চালায়। এ সময় লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
এদিকে, লাল মিয়ার বিরুদ্ধে ‘রোদারপুড্ডা আলোকিত প্রজন্ম’ নামে একটি সংগঠনের ব্যানারে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়দের হয়রানি, অর্থ আদায় এবং শাস্তির নামে কান ধরে উঠবস করানোর মতো অভিযোগও উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সংগঠনটির কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় এলাকায় অসন্তোষ তৈরি হয়েছে। লাল মিয়া ওই সংগঠনের কার্যকরী কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, লাল মিয়ার বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক আইনের মামলাটি তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।