
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদের সময়কার বিচারিক প্রহসন ও আইন অঙ্গনের নানা বাস্তব অভিজ্ঞতা অবলম্বনে রচিত উপন্যাস ‘গায়েবি শৃঙ্খল’এবারের বইমেলায় পাঠকের আগ্রহ কাড়ছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইনভিত্তিক উপন্যাসিক মোহাম্মদ তরিক উল্যাহ এ উপন্যাসে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেছেন। এতে রাজনৈতিক বিবেচনায় নিরীহ মানুষের বিরুদ্ধে হওয়া বিচারিক প্রহসন, গ্রেপ্তার, রিমান্ড ও নির্যাতনের অভিযোগসহ আইনি জটিলতায় আবদ্ধ থাকার নানা দিক তুলে ধরা হয়েছে।
উপন্যাসটিতে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে বিচার ব্যবস্থার ওপর অদৃশ্য প্রভাব বা হস্তক্ষেপের বিষয়টিও চিত্রিত হয়েছে। আদালতপাড়া সংশ্লিষ্ট ব্যক্তি, আইনের শিক্ষার্থী, শিক্ষানবিশ আইনজীবী, গবেষক এবং আইন-আদালত বিষয়ে আগ্রহী পাঠকদের কাছে বইটি আগ্রহ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
বইটি প্রকাশ করেছে শিকড় প্রকাশনী। একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ৫৪১–৫৪৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।