
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ লোকমান।
বৃহস্পতিবার তিনি জেলা সহকারী রিটার্নিং অফিসার সালমা নাজনীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
প্রকৌশলী মোহাম্মদ লোকমান বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দলের বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বন্দর–পতেঙ্গা এলাকার সার্বিক উন্নয়নে তার সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি সবুজ নগরায়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, চট্টগ্রাম বন্দরের মান উন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা, আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, চাইল্ড হেলথ সার্ভিস এবং সামাজিক সুরক্ষা জোরদারের অঙ্গীকার করেন।
এ সময় চট্টগ্রাম মহানগর এবি পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেম বলেন, প্রকৌশলী মোহাম্মদ লোকমান ইতোমধ্যে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ১২ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যা নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে চট্টগ্রাম একটি বিশ্বমানের উন্নত নগরীতে রূপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম-১১ আসনে প্রকৌশলী লোকমান একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন এবং ‘ঈগল’ প্রতীক তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।
মনোনয়নপত্র সংগ্রহকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোর্শেদ ইসলামসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।